দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৯ মার্চ থেকে ০২ এপ্রিল) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। এতে সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ১৭ হাজার ৫১৩ কোটি টাকা।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, বিদায়ী সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ২ দশমিক ৪৮ শতাংশ বা ১৭ হাজার ৫১৩ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৯ হাজার ৩৯৯ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৭ লাখ ৬ হাজার ৯১২ কোটি টাকা।
চলতি সপ্তাহে ডিএসইতে কমেছে সব কয়টি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১৪৮.৬৬ পয়েন্ট বা ২.৭৭ শতাংশ। ডিএসই-৩০ সূচক কমেছে ৮৫.৮৯ পয়েন্ট বা ৪.১৬ শতাংশ। আর ডিএসইএস সূচক কমেছে ১৯.৮৪ পয়েন্ট বা ১.৮৪ শতাংশ।
তবে ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৩৪১ কোটি ৭২ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ২ হাজার ৬৫৬ কোটি ৮২ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ৬৮৪ কোটি ৯০ লাখ টাকা।
আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ১৩৬ কোটি ৯৮ লাখ টাকা বা ২৫.৭৮ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৬৬৮ কোটি ৩৪ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৫৩১ কোটি ৩৬ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৭২টি কোম্পানির, কমেছে ২০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ারের দাম।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.