ইরানের আকাশসীমায় একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর ক্রু-সদস্যদের উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স এবং নিউ ইয়র্ক টাইমসকে একজন মার্কিন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
অন্যদিকে, ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র ক্রু-সদস্যদের উদ্ধারে একটি উদ্ধার অভিযান পরিচালনা করছে।
এর আগে ইরানি গণমাধ্যমগুলোও জানায় যে, একজন পাইলটের সন্ধানে তল্লাশি চালাচ্ছে যুক্তরাষ্ট্র।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি-র সাথে সংশ্লিষ্ট তাসনিম নিউজ এজেন্সি দাবি করেছে যে, ইরানে একটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর যুক্তরাষ্ট্র তাদের একজন পাইলটের সন্ধান করছে।
মার্কিন হেলিকপ্টার, বিমান এবং নজরদারি ড্রোন এই তল্লাশি অভিযানে অংশ নিচ্ছে বলে তাসনিম নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
এদিকে, ইরানের একটি স্থানীয় রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের সংবাদ উপস্থাপক ঘোষণা করেছেন যে, কোনো ব্যক্তি যদি ওই পাইলটকে জীবিত বন্দি করতে পারেন, তবে তাকে পুরস্কৃত করা হবে।
যদিও বৃহস্পতিবার আইআরজিসি-র এই দাবি অস্বীকার করেছিল মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। তখন তারা জানিয়েছিল যে, হরমুজ প্রণালির কেশম দ্বীপের ওপর কোনো যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর সঠিক নয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.