ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে দেশজুড়ে সর্বজনীন কিউআর কোড চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য কিউআর কোডভিত্তিক লেনদেনের সঙ্গে জড়িত সব ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এবং লেনদেনব্যবস্থা পরিচালনাকারী অপারেটরদের বাধ্যতামূলকভাবে বাংলা কিউআর কোড চালুর নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের জারি করা নতুন নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩০ জুনের মধ্যে দেশের সব মার্চেন্ট পয়েন্টে নিজস্ব কিউআর কোডের পরিবর্তে বাংলা কিউআর কোড চালু করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনের ক্ষেত্রে বিদ্যমান প্রযুক্তিগত সমস্যাগুলো নির্ধারিত সময়ের মধ্যে সমাধান করতে হবে এবং আন্তলেনদেন সুবিধা নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান পূর্বে এক বৈঠকে জানান, রাজস্ব আয় বাড়াতে নগদ লেনদেন কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যেই বাংলা কিউআর কোড বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর কোড ছাড়া কোনো নগদ উত্তোলন কার্যক্রম পরিচালিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোড বাতিল করা হবে।
বর্তমানে অনেক ব্যাংক বাংলা কিউআর কোড ব্যবহার করলেও মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলো নিজস্ব কোড ব্যবহার করে। নতুন নির্দেশনা কার্যকর হলে দেশের সব মার্চেন্ট পয়েন্টে একক কিউআর কোড ব্যবস্থায় লেনদেন সম্পন্ন হবে।
সংশ্লিষ্টদের মতে, দেশে লক্ষাধিক মার্চেন্ট পয়েন্টে বিদ্যমান কিউআর কোড পরিবর্তন একটি সময়সাপেক্ষ ও ব্যয়বহুল প্রক্রিয়া। এছাড়া সমন্বিত কিউআর কোড চালু হলে আয় ভাগাভাগির বিষয়ও সামনে আসবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.