দেশের বিজ্ঞাপন শিল্পে আয়কর আইন ও বিধিমালা পরিবর্তনের ফলে করের বোঝা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে বলে দাবি করেছে অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব করনীতি বরাবর দেওয়া এক চিঠিতে এ উদ্বেগ জানানো হয়েছে। একই সঙ্গে আয়কর বিধিমালার সংশ্লিষ্ট ধারা দ্রুত সংশোধনের দাবি জানিয়েছে সংগঠনটি।
চিঠিতে বলা হয়েছে, ২০২৫ সালের ২৬ মে প্রজ্ঞাপনের মাধ্যমে উৎসে কর বিধিমালা ২০২৪ সংশোধন করা হয়। আগের নিয়ম অনুযায়ী কমিশন বা ফি এর ওপর নির্ধারিত কর অথবা মোট বিলের একটি নির্দিষ্ট অংশের ওপর করের মধ্যে যেটি বেশি হতো সেটিই প্রযোজ্য ছিল।
বর্তমান সংশোধিত বিধিতে কমিশনের ওপর কর অথবা সরাসরি মোট বিলের ওপর করের মধ্যে যেটি বেশি সেটি কার্যকর হওয়ায় প্রকৃত আয়ের তুলনায় বেশি কর দিতে হচ্ছে বলে দাবি করা হয়েছে।
উদাহরণ হিসেবে বলা হয়েছে, মিডিয়া সেবায় যেখানে আগে ২৫০ টাকা কর দিতে হতো এখন তা বেড়ে ৬৫০ টাকায় দাঁড়িয়েছে। একইভাবে শিপিং ও হ্যান্ডলিং সেবায় ৫০০ টাকার কর বেড়ে ৫ হাজার টাকায় পৌঁছেছে। এতে প্রতিষ্ঠানগুলোতে তারল্য সংকট তৈরি হচ্ছে।
চিঠিতে আরও বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে মোট প্রাপ্তির ওপর লেনদেন কর ১ শতাংশ নির্ধারণ করায় ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলো চাপে পড়েছে। এতে নতুন উদ্যোক্তারা নিরুৎসাহিত হচ্ছেন এবং বিনিয়োগ কমছে।
প্রায় ১২ হাজার কোটি টাকার বিজ্ঞাপন শিল্পকে রক্ষা করতে জাতীয় রাজস্ব বোর্ডের হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি। একই সঙ্গে পূর্ববর্তী শর্ত পুনর্বহালের দাবি জানানো হয়েছে।
সংগঠনটির মতে, এ সংশোধন করা হলে রাজস্ব আহরণে নেতিবাচক প্রভাব পড়বে না, বরং কর্মসংস্থান ও জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.