দেশে ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে মার্চ মাসে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রবাসী বাংলাদেশিরা মার্চে পাঠিয়েছেন ৩৭৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা বর্তমান বিনিময় হারে প্রায় ৪৬ হাজার কোটি টাকার সমতুল্য।
|
বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, পবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে প্রবাসীরা পরিবারের বাড়তি খরচ মেটাতে বেশি অর্থ পাঠিয়েছেন।
গত বছরের মার্চের তুলনায় এ বছর রেমিট্যান্স বৃদ্ধি পেয়েছে ১৪ শতাংশ; গত বছর মার্চে এটি ছিল ৩৩০ কোটি ডলার। ফেব্রুয়ারিতে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৩০২ কোটি ডলার।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত দেশে এসেছে মোট ২ হাজার ৬২১ কোটি ডলার রেমিট্যান্স, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি।
এর পাশাপাশি প্রবাসী আয়ের প্রভাবে, বিভিন্ন আমদানির দায় পরিশোধের পরও বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা বেড়েছে। বুধবার (১ এপ্রিল) দিন শেষে রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ২৫ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল-এর বিপিএম–৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভ ২৯ দশমিক ৬১ বিলিয়ন ডলার।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.