জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো আবদুর রহমান খান বলেছেন, এয়ারপোর্ট ও সমুদ্রবন্দরে বড় বড় কন্টেইনারে ঘোষণার সঙ্গে পণ্যের মিল পাওয়া যাচ্ছে না। কাপড় বা পোশাকের আড়ালে অ্যালকোহল আমদানির মতো ঘটনা উদ্বেগজনক।
বুধবার (১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে তারকা হোটেল, বার ও রেস্তরাঁ মালিকদের সংগঠনগুলোর সঙ্গে ২০২৬-২৭ অর্থবছরের প্রাক বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন।
জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো আবদুর রহমান খান বলেন, আমদানির তথ্য ও ভোগের তথ্যের মধ্যে বড় ধরনের অসামঞ্জস্য রয়েছে। আনুষ্ঠানিক রেকর্ডে আমদানি না থাকলেও বাস্তবে ভোগ দেখা যাচ্ছে। এ ধরনের অনিয়ম কীভাবে দূর করা হবে, তা নিয়ে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, অ্যালকোহল উৎপাদন ও পরিবেশন খাতে করহার তুলনামূলকভাবে কম। যেহেতু এটি স্বাস্থ্য ও সমাজের জন্য ক্ষতিকর, তাই এই খাতে করহার বাড়ানোর বিষয়ে ভাবা হচ্ছে।
আলোচনায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি খালেদ উর রহমান বলেন, তাদের সংগঠনের সদস্য সংখ্যা সীমিত এবং তারা শতভাগ নিয়ম মেনে কার্যক্রম পরিচালনা করেন। ভ্যাটসহ অন্যান্য বিষয়েও তারা স্বচ্ছতা বজায় রাখছেন।
সভায় মদ ও বিয়ার আমদানিতে শুল্ক যৌক্তিকীকরণের প্রস্তাব করা হয়। বার মালিকদের পক্ষ থেকেও একই ধরনের প্রস্তাব উত্থাপন করা হয়।
এ সময় টেলিযোগাযোগ খাত ও সিগারেটের মতো করপোরেট করহার বাড়ানোর কথাও উল্লেখ করেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.