আর্থিক সূচকে ইতিবাচক ধারা অব্যাহত থাকায় মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে এসিবিসি ব্যাংক পিএলসি। ব্যাংকটির আমানত, ঋণ ও অগ্রিম, আমদানি রপ্তানি বাণিজ্য, রেমিট্যান্স প্রবাহ, মূলধন, মোট সম্পদ ইত্যাদি সূচকে স্থিতিশীল প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। ব্যাংকের মুনাফাও দেশের বিদ্যমান অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ধারাবাহিক সাফল্য বিরাজ করায় ব্যাংকটির মূলধন পর্যাপ্ততার হারও পর্যাপ্ত। আগ্রাসী বিনিয়োগ না হওয়ায় ব্যাংকটির তারল্য পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। খেলাপি ঋণের হারও সহনীয় পর্যায়ে রয়েছে।
বুধবার (১ এপ্রিল) ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকটির ১৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত এক মিট দ্য প্রেসে এসব চিত্র উঠে এসেছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস এম মঈনুল কবীর এর সভাপতিত্বে মিট দ্য প্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো মখলেছুর রহমান। এসময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো রফিকুল ইসলাম এবং উপ ব্যবস্থাপনা পরিচালক মো আলতাফ হোসেন ভূঁইয়াসহ ব্যাংকের বিভাগীয় প্রধান ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মিট দ্য প্রেসে বক্তারা জানান, ২০১৩ সালের ৩ এপ্রিল সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড নামে প্রচলিত বাণিজ্যিক ধারার ব্যাংক হিসেবে যাত্রা শুরু হয়। গ্রাহক আস্থা ও ভালোবাসায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে বর্তমানে ব্যাংকটি এসিবিসি ব্যাংক পিএলসি নামে কার্যক্রম পরিচালনা করছে।
বর্তমানে ব্যাংকটি ৯০টি শাখা, ৩২টি উপশাখা, এজেন্ট আউটলেট এবং ৭৭টি এটিএম বুথের মাধ্যমে গ্রাহক সেবা প্রদান করছে। প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি ব্যাংকটির ১০টি শাখার মাধ্যমে শরিয়াহ ভিত্তিক ইসলামি ব্যাংকিং পরিষেবাও নিশ্চিত করা হচ্ছে।
এছাড়া বৈদেশিক বাণিজ্যে অফশোর ব্যাংকিংয়েও গ্রাহকদের অর্থায়ন করছে ব্যাংকটি। এসিবিসি ব্যাংক দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত একটি কোম্পানি।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.