ব্যাংকের অর্থ কোনো ব্যক্তির নিজস্ব নয়, এটি সাধারণ মানুষের আমানত অর্থাৎ পাবলিক মানি। তাই এই অর্থ নিয়ে কোনো ধরনের অনিয়ম বা নয়-ছয়ের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমান।
তিনি বলেন, ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা মূলত ব্যাংকিং খাতের আস্থার পাহারাদারের ভূমিকা পালন করেন।
বুধবার (১ এপ্রিল) রাজধানীতে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক লিমিটেড আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
চেয়ারম্যান মোখলেসুর রহমান বলেন, ব্যাংকিং খাতের সফলতার জন্য সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা কতটা থাকবে, গ্রাহক কী ধরনের সেবা পাচ্ছেন, ম্যানেজমেন্ট ঠিকভাবে কাজ করছে কি না এবং বোর্ড কীভাবে দায়িত্ব পালন করছে এসব বিষয় সাংবাদিকদের অনুসন্ধান ও মূল্যায়নের মাধ্যমে দেশের মানুষ জানতে পারে।
তিনি বলেন, ব্যাংক আইন, গ্রাহক ও আমানতকারীদের সঙ্গে কোনো আপস করা হলে সাংবাদিকরাই সবার আগে তা ধরতে পারেন।
তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক হিসেবে কাজ করেন। আপনারা যদি কমপ্লায়েন্সের দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করে দেখান কোথায় কোথায় ঘাটতি আছে, তাহলে আমাদের জন্য তা সংশোধনের সুযোগ তৈরি হবে। এতে আমাদের অগ্রযাত্রা আরও সুষম ও দ্রুত হবে।
মোখলেসুর রহমান বলেন, ব্যাংকিং খাতের মূল ভিত্তি হচ্ছে আস্থা। গ্রাহক যখন তার অর্থ ব্যাংকে জমা রাখেন, তখন তিনি বিশ্বাস করেন যে তার অর্থ নিরাপদ থাকবে। এই আস্থা তৈরি করতে দীর্ঘ সময় লাগে। তবে সাংবাদিকদের সহযোগিতা পেলে এই আস্থা আরও দ্রুত প্রতিষ্ঠা করা সম্ভব।
তিনি বলেন, অতীতে মানুষ বিশ্বাস করতো সংবাদপত্রে যা লেখা হয় তা সত্য। সেই আস্থা বজায় রাখতে সাংবাদিকদের নৈতিকতা ও মানদণ্ডও উচ্চপর্যায়ে থাকা প্রয়োজন। একইভাবে ব্যাংকগুলোকেও নৈতিকতা ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হতে হবে।
এসবিএসি ব্যাংকের বোর্ড ও ব্যবস্থাপনা সম্পর্কে তিনি বলেন, ব্যাংকের বোর্ডে স্বনামধন্য অধ্যাপক, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ব্যবসায়ী এবং বিভিন্ন পেশার অভিজ্ঞ ব্যক্তিরা রয়েছেন। তারা সবাই মিলে ব্যাংককে সুশাসনের মাধ্যমে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
তিনি আরও বলেন, দেশের অর্থনীতিতে অবদান রাখাই এসবিএসি ব্যাংকের প্রধান লক্ষ্য। কৃষি খাতে বিনিয়োগ বৃদ্ধি, খাদ্য উৎপাদন বাড়ানো, বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ব্যাংকটি বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।
চেয়ারম্যান বলেন, আমাদের দেশের বড় শক্তি হচ্ছে তরুণ জনগোষ্ঠী। তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারলে তারা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, আপনারা আমাদের সহযাত্রী। আপনারা যদি গঠনমূলক সমালোচনা করেন এবং আমাদের ঘাটতিগুলো তুলে ধরেন, তাহলে আমরা সেগুলো সংশোধন করে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারব।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.