ব্র্যাক ব্যাংকের অর্থায়নে নির্মিত সমুদ্রগামী আফ্রাম্যাক্স তেলবাহী জাহাজ প্রথম সমুদ্রযাত্রায় যাচ্ছে। এটি বাংলাদেশের পতাকাবাহী সর্ববৃহৎ ট্যাংকার।
সোমবার (৩০ মার্চ) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
এমটি ওমেরা লিবার্টি জাহাজটির মালিক ইস্ট কোস্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এমজেএল বাংলাদেশ। জাহাজটির দৈর্ঘ্য ২৫০ মিটার এবং এটি সর্বোচ্চ ১ লাখ ১৫ হাজার টন জ্বালানি তেল বহনে সক্ষম। ৩১ মার্চ ২০২৬ জাহাজটি প্রথম সমুদ্রযাত্রা শুরু করবে।
জাহাজটির নামকরণ উপলক্ষে ২৫ মার্চ ২০২৬ দক্ষিণ কোরিয়ার দেহান শিপবিল্ডিংয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী, দেহান শিপবিল্ডিংয়ের চেয়ারম্যান ডেভিড কিম, দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিকুল ইসলাম এবং এমজেএল শিপিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন মিনহাজুর রেজা চৌধুরী। ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন কর্পোরেট কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ের এরিয়া হেড ১ আবু সাদাত চৌধুরী।
এর আগে এমজেএল বাংলাদেশ পিএলসিকে দুটি সমুদ্রগামী আফ্রাম্যাক্স তেলবাহী জাহাজ এমটি ওমেরা লিবার্টি এবং এমটি ওমেরা গ্যালাক্সি অধিগ্রহণের জন্য অর্থায়ন সুবিধা প্রদান করে ব্র্যাক ব্যাংক। ৯৫ দশমিক ৭৭ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের এই অর্থায়ন সুবিধা দেশের বেসরকারি ব্যাংক খাতে সর্ববৃহৎ একক বৈদেশিক মুদ্রার অফশোর ব্যাংকিং টার্ম ঋণ হিসেবে বিবেচিত।
এমটি ওমেরা লিবার্টি চালুর ফলে এমজেএল বাংলাদেশের নৌবহর শক্তিশালী হওয়ার পাশাপাশি দেশের সামুদ্রিক লজিস্টিক সক্ষমতা বৃদ্ধি পাবে। এটি জ্বালানির ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে সহায়ক ভূমিকা রাখবে।
জাহাজটির প্রথম সমুদ্রযাত্রা উপলক্ষে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, বাংলাদেশের পতাকাবাহী সর্ববৃহৎ তেলবাহী জাহাজের অর্থায়নে অংশীদার হতে পেরে তারা গর্বিত। এটি বৃহৎ পরিসরে বৈদেশিক মুদ্রায় অর্থায়নের ক্ষেত্রে ব্যাংকের সক্ষমতার প্রতিফলন এবং দেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
দেশের সমুদ্রগামী জাহাজ বহরে এই ট্যাংকার যুক্ত হওয়ায় জ্বালানি পরিবহনে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং বিদেশি বাজারে সেবা প্রদানের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ তৈরি হবে। পাশাপাশি এটি মেরিন খাতে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.