ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারে অনুমতি দেয়নি ইতালি

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে বিমান অভিযান পরিচালনার জন্য সিসিলি দ্বীপের সিগোনেল্লায় স্থাপিত নিজেদের বিমানঘাঁটি ব্যবহার করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, তবে ইতালির সরকার তা অনুমোদন দেয়নি। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গণমাধ্যম।

সরকারি সূত্রের বরাতে গণমাধ্যম জানায়, সম্প্রতি ইতালির সরকারি কর্তৃপক্ষ এবং প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে কোনো ধরনের পূর্ব আলোচনা ছাড়াই সিগোনেল্লা ঘাঁটিতে কয়েকটি শক্তিশালী বোমারু বিমান পাঠিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী। এসব বিমান মূলত ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ব্যবহারের জন্য পাঠানো হয়েছিল।

বিষয়টি জানার পর ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করে রোম জানিয়ে দেয়, মধ্যপ্রাচ্যের সামরিক অভিযানে সিগোনেল্লা ঘাঁটি ব্যবহার করা যাবে না। এছাড়া ইতালির অন্য কোনো ঘাঁটি ব্যবহার করতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতি নিতে হবে।

ইতালিতে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে। এর মধ্যে আভিয়ানো বিমানঘাঁটি, ভিসেঞ্জা সেনাঘাঁটি, ক্যাম্প ডার্বি সেনাঘাঁটি, নেপলসের নৌঘাঁটি এবং সিগোনেল্লার বিমান ও নৌঘাঁটি উল্লেখযোগ্য।

তবে যুক্তরাষ্ট্র কতগুলো বিমান সিগোনেল্লায় পাঠিয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ইতালির সরকারি সূত্র। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্যও পাওয়া যায়নি।

এর আগে স্পেন ইরান যুদ্ধের প্রেক্ষাপটে তাদের দুটি ঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা দিয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.