দুবাই উপকূলে কুয়েতের তেল ট্যাংকারে হামলা

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের জলসীমায় কুয়েতের একটি ট্যাংকার জাহাজ ইরানের ড্রোন হামলার শিকার হয়েছে। সোমবার এ হামলা হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম।

হামলায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে জাহাজটি তেলে পরিপূর্ণ থাকায় সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

কুয়েত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্ররাষ্ট্র। ৩১ মার্চ রোববার ইরানের তেলসম্পদ এবং জ্বালানি রপ্তানি ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপ দখলের হুমকি দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরেই এ হামলা চালানো হয়েছে।

ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে গত দুই দশক ধরে পশ্চিমা বিশ্বের সঙ্গে দেশটির দ্বন্দ্ব চলছে। এ ইস্যুতে ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে সংলাপ হয়। তবে কোনো সমঝোতা চুক্তি ছাড়াই সেই সংলাপ শেষ হয়।

এর পরদিন ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। একই সময়ে ইসরায়েল অপারেশন রোয়ারিং লায়ন নামে পৃথক সামরিক অভিযান শুরু করে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানের প্রথম দিনই নিহত হন খামেনিসহ ইরানের সামরিক ও সরকারি প্রশাসনের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা।

যুদ্ধ শুরুর পর থেকেই পাল্টা জবাব দিয়ে আসছে ইরান। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ওমানে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি এবং গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, যা এখনও অব্যাহত রয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.