উপবন এক্সপ্রেসে আগুন, সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ

ঢাকা থেকে সিলেটগামী চলন্ত উপবন এক্সপ্রেস ট্রেনে  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে, যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন শত শত সাধারণ যাত্রী।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টা ১০ মিনিটের দিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সরেজমিনে পাওয়া তথ্য অনুযায়ী, চলন্ত অবস্থায় ট্রেনটির ইঞ্জিন থেকে মবিল চুইয়ে পড়ার কারণে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই ইঞ্জিনে আগুন ছড়িয়ে পড়লে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। চলন্ত ট্রেনে আগুন দেখে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সবাই হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে যান। তবে তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের এই ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, লাইন থেকে ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটি সরিয়ে রেলযোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে দীর্ঘ সময় ট্রেন দাঁড়িয়ে থাকায় বিভিন্ন স্টেশনে আটকা পড়া যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

রেলওয়ে সূত্র জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ট্রেনটি উদ্ধার এবং যোগাযোগ স্বাভাবিক করতে সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উদ্ধার কাজ শেষ হলে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে বলে জানানো হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.