মধ্যপ্রাচ্য যুদ্ধে ৫ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে এ পর্যন্ত পাঁচ জন বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি এই তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতিতে দুর্ভাগ্যজনকভাবে পাঁচ জন বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে দুই জনের মরদেহ ইতোমধ্যে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। বাকিদের মরদেহ দ্রুত আনার প্রক্রিয়া চলছে। এছাড়া ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশিকে একটি চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে নিরাপদে তেহরান থেকে দেশে ফিরিয়ে এনেছে সরকার।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এখন সিচুয়েশনটা বুঝতে হবে… মধ্যপ্রাচ্যে অনেক কমপ্লিকেটেড সিচুয়েশন বিরাজ করছে। কখন কোথায় যুদ্ধ লাগে, আমাদের বাংলাদেশিরা নিজেরাও বুঝতে পারে না। ১৮৬ জন বাংলাদেশিকে আমরা নিরাপদে চার্টার্ড বিমানের মাধ্যমে তেহরান থেকে দেশে ফেরত এনেছি। বাংলাদেশি নাগরিকরা পৃথিবীর যে যেখানে আছে নিরাপদে আছে কিনা-সেটা দেখা আমাদের অবশ্যই অন্যতম প্রায়োরিটি।

দেশে জ্বালানি তেলের বর্তমান অবস্থা সম্পর্কে সংসদকে আশ্বস্ত করে প্রতিমন্ত্রী বলেন, জ্বালানির কোনও সংকট বর্তমানে বাংলাদেশে নেই। আমরা যেন মধ্যপ্রাচ্যের বাইরেও অন্য সোর্স থেকে জ্বালানি নিয়ে আসতে পারি সেজন্য এরই মধ্যে প্রধানমন্ত্রী একাধিকবার আমাদের সঙ্গে বসেছেন। জ্বালানি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে তিনি বসেছেন।

তিনি আরও যোগ করেন, মধ্যপ্রাচ্যের বাইরের দেশগুলো থেকে জ্বালানি আমদানির বিষয়ে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খুব শিগগিরই এতে বড় সাফল্য আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.