ইরান-লেবাননের হামলায় হাইফায় তেল শোধনাগারে ভয়াবহ আগুন

ইরান এবং লেবানন থেকে উত্তর ইসরায়েলে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় হাইফা বন্দরের কাছে বাজান তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার হামলার পর শোধনাগারটিতে আগুন লাগে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে শোধনাগারটি থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি আকাশে উড়তে দেখা গেছে।

শোধনাগারটিতে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে নাকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গণমাধ্যম জানায়, হাইফার পার্শ্ববর্তী ক্রায়োট এবং শাফারাম এলাকাতেও ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যজুড়ে উচ্চ সতর্কতা জারি রয়েছে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

এর প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েলের পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের জর্ডান, ইরাক, সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.