বাংলাদেশে কোনো ধরনের মব কালচার থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে কোনো ধরনের মব কালচার থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

সম্পূরক প্রশ্নে অংশ নিয়ে রুমিন ফারহানা অতীতের বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে নির্যাতন এবং সাম্প্রতিক সময়ে ‘মব কালচার’-এর বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি দাবি করেন, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ঘটনায় ২৫০-৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। তিনি এ প্রবণতা বন্ধে সরকারের পদক্ষেপ জানতে চান।

তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর খুব অল্প সময় হয়েছে, তবে ইতোমধ্যে ‘মব কালচার’ বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, সব ঘটনাকে একভাবে ‘মব’ হিসেবে চিহ্নিত করা ঠিক নয়-কিছু ঘটনা সংগঠিত অপরাধ, যেগুলোর বিরুদ্ধে নিয়মিত মামলা, তদন্ত ও বিচার প্রক্রিয়া চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, রাস্তা অবরোধ বা সহিংসতার মাধ্যমে দাবি আদায়ের প্রবণতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় দাবি উত্থাপন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া, সেমিনার-সিম্পোজিয়াম বা জনসমাবেশের মাধ্যমে মত প্রকাশের সুযোগ রয়েছে এবং সরকার তা নিশ্চিত করবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.