ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তানসিরি মারা গেছেন। চারদিন আগে ইসরায়েল তাঁর মৃত্যুর খবর জানিয়েছিল। এখন আইআরজিসির সঙ্গে সম্পর্কিত গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, তানসিরি দ্বীপ ও উপকূলের প্রতিরক্ষা জোরদারে কাজ করছিলেন এবং বাহিনী সংগঠনে সক্রিয় ছিলেন। এই দায়িত্ব পালন করতে গিয়ে গুরুতর আহত হন এবং সেই আঘাতেই তিনি মারা যান।
আইআরজিসি জানিয়েছে, তানসিরির অনুপস্থিতিতেও নৌবাহিনী হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে এবং শত্রুকে সম্পূর্ণভাবে বিনাশ না করা পর্যন্ত থামবে না।
আলিরেজা তানসিরি ২০১৮ সালে নৌবাহিনীর কমান্ডার হিসেবে নিযুক্ত হন। এর আগে ২০১০ সাল থেকে তিনি ডেপুটি কমান্ডারের দায়িত্বে ছিলেন। তিনি স্পষ্টভাষী কমান্ডার হিসেবে পরিচিত ছিলেন এবং ২০১৯ সালে হুমকি দিয়েছিলেন যে, ইরানের তেল রপ্তানি ব্যাহত হলে হরমুজ প্রণালী বন্ধ করা হবে।
উল্লেখ্য, ২০১৯ সালে ইরানের উপকূলে যুক্তরাষ্ট্রের একটি নজরদারি ড্রোন ভূপাতিত হওয়ার পর তানসিরিসহ অন্যান্য আইআরজিসি কমান্ডারদের ওপর যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.