এরিস্টোফার্মার স্টেকহোল্ডাররা পেমেন্ট পাবেন বিকাশে

দেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যালস কোম্পানি এরিস্টোফার্মা লিমিটেড এখন থেকে তাদের স্টেকহোল্ডারদের পেমেন্ট সরাসরি বিকাশের মাধ্যমে প্রদান করবে। এর ফলে মাঠ পর্যায়ে এরিস্টোফার্মার আর্থিক ব্যবস্থাপনা আরও সহজ, স্বচ্ছ ও নিরাপদ হবে এবং নগদ টাকার ঝুঁকি কমিয়ে একটি ক্যাশলেস ইকোসিস্টেম গঠনে ভূমিকা রাখবে।

রবিবার (২৯ মার্চ) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সম্প্রতি এই লক্ষ্যে এরিস্টোফার্মার প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠান দুটি। এ সময় এরিস্টোফার্মার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ সাহিদ হাসান, ডিরেক্টর আহমেদ ইমতিয়াজ হাসান, এক্সিকিউটিভ ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি মো. মমিনুল ইসলাম, এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মাদ সিদ্দিকুল আলম শিকদার এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, হেড অব বিজনেস সেলস মাশরুর চৌধুরী, বিজনেস সেলস বিভাগের জেনারেল ম্যানেজার মো. সোমেল রেজা খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভবিষ্যতে ক্যাশলেস লেনদেনের পরিসর আরও বাড়াতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তারা।

এই চুক্তির আওতায় এরিস্টোফার্মা বিকাশের ডিসবার্সমেন্ট সল্যুশন ব্যবহার করে তাদের স্টেকহোল্ডারদের পেমেন্ট সরাসরি তাদের বিকাশ অ্যাকাউন্টে প্রেরণ করতে পারবে। প্রাপ্ত পেমেন্ট দেশজুড়ে ছড়িয়ে থাকা বিকাশের এজেন্ট পয়েন্ট অথবা এটিএম বুথ থেকে নগদ উত্তোলন করতে পারবেন স্টেকহোল্ডাররা।

পাশাপাশি নগদ উত্তোলন ছাড়াই তারা বিকাশের মাধ্যমে বিভিন্ন ধরনের পেমেন্ট, গ্যাস-বিদ্যুৎ-পানির মতো ইউটিলিটি সেবার বিল পরিশোধ, টাকা পাঠানো, মোবাইল রিচার্জ, শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি সেবার ফি পরিশোধ, ব্যাংকে সঞ্চয় হিসাব খোলা, যাত্রার টিকিট ও টোল পরিশোধ, অনুদান প্রদানসহ বিভিন্ন সেবা ঘরে বসেই গ্রহণ করতে পারবেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.