নবীন ফ্যাশনের পাঞ্জাবির দোকান বন্ধ: হাতিরঝিল থানার ওসির ক্ষমা প্রার্থনা

রাজধানীর মগবাজার এলাকায় নবীন ফ্যাশনের একটি পাঞ্জাবির দোকান বন্ধ করে দেওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা।

রবিবার (২৯ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে স্বশরীরে হাজির হয়ে জবাব দাখিল করেন তিনি। একইসঙ্গে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

নবীন ফ্যাশনের একটি পাঞ্জাবির দোকান বন্ধ করে দেওয়ার ঘটনায় গত ২৫ মার্চ একই আদালত ওসি গোলাম মর্তুজাকে তলব করে এ বিষয়ে ব্যাখা দিতে তিন দিন সময় দেন। একইসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত থেকে দোকানটি খুলে দিতে ওসিকে নির্দেশ দেওয়া হয়।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। আজ আদালতে হাজির হন গোলাম মর্তুজা। তিনি জবাব দাখিল করে ক্ষমা প্রার্থনা করেন।

সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জামাল উদ্দিন মারজিন জানান, ওসি গোলাম মর্তুজা আদালতে হাজির হয়ে জবাব দাখিল করেন এবং নিঃশর্ত ক্ষমা চান। আদালত তার বক্তব্য শুনেছেন। নবীন ফ্যাশন বন্ধের দিনে কয়েকজন নিজেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু-স্বজন বলে পরিচয় দেন। তাদের বিষয়ে আদালত রাষ্ট্রপক্ষের মতামত চেয়েছেন। ওসি যে ক্ষমা প্রার্থনা করেছেন সে বিষয়ে আদেশ অপেক্ষমাণ।

এ ঘটনায় ওসি গোলাম মর্তুজাকে হাতিরঝিল থানা থেকে সরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।

প্রসঙ্গত, ঈদুল ফিতরের আগের দিন ২০ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, কম দামে পাঞ্জাবি বিক্রি করায় আশপাশের ব্যবসায়ীরা মগবাজারে নবীন ফ্যাশনের দোকান বন্ধ করে দেয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.