হিজবুল্লাহর হামলায় নিহত ইসরায়েলি সেনা, আহত ৩

লেবাননের দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় নিহত হয়েছেন এক ইসরায়েলি সেনা। ওই একই হামলায় আহত হয়েছেন আরও তিনজন। রোববার (২৯ মার্চ) এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

নিহত সেনার নাম সার্জেন্ট মোসে ইয়েজাক হাকোহেন কাৎজ। ২২ বছর বয়সী এ সেনা ইসরায়েলি সেনাবাহিনীর প্যারাট্রুপার ব্রিগেডের ৮৯০তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। ইসরায়েলের হয়ে যুদ্ধ করলেও তার আসল ঠিকানা যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটের নিউ হ্যাভেনে।

আহত তিন সেনার অবস্থা মাঝারি বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। তাদের সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে, একই সঙ্গে তাদের পরিবারের সদস্যদের অভিহিত করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর কয়েকদিন পর এ যুদ্ধে যোগ দেয় হিজবুল্লাহ। এরপর লেবাননের দক্ষিণাঞ্চল দখলের পরিকল্পনা হাতে নেয় ইসরায়েল। এর অংশ হিসেবে দেশটির দক্ষিণাঞ্চলে নিজেদের সেনা পাঠাচ্ছে তারা।

আর এসব সেনার ওপর অতর্কিত হামলা চালাচ্ছে হিজবুল্লাহর যোদ্ধারা। এর পাশাপাশি ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে রকেট হামলা চালাচ্ছে তারা।

হিজবুল্লাহ জানিয়েছে, যতদিন ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ চালাবে ততদিন তারা ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলা অব্যাহত রাখবে।

এর আগে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মানুষের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল হিজবুল্লাহ। কিন্তু ২০২৪ সালের অক্টোবরে ইসরায়েলের সঙ্গে তাদের যুদ্ধবিরতি হয়। তা সত্ত্বেও লেবাননে হিজবুল্লাহর যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালিয়ে শত শতবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছিল ইসরায়েল। হিজবুল্লাহ এসবের জবাব না দিলেও ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার তারা আবারও সক্রিয় হয়ে ওঠে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.