লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৪জন নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে শনিবার ইসরায়েলি বাহিনীর একটি হামলায় দুই সাংবাদিকসহ চারজন নিহত হয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)।

জেজ্জিন সড়কে সংবাদমাধ্যমের একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে আল-মানার টিভির সাংবাদিক আলী শুয়াইব এবং আল-মায়াদিন টিভির সাংবাদিক ফাতিমা ফাতুনি নিহত হন। হামলায় তাঁদের সঙ্গে থাকা আরও দুই বেসামরিক নাগরিকও মারা গেছেন।

এ দিনের শুরুতে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় পাঁচ প্যারামেডিকও নিহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন আদেল আতেফ, হোসেন আলী দারবিশ, হাসান মুসা নূর আল-দিন, আলী হাসান জাহ্হা এবং ইব্রাহিম জাহের আবু জেদ।

ইসলামিক মেসেজ স্কাউটস অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, জাওতার আল-গারবিয়াহ শহরে ইসরায়েলি আগ্রাসনের সময় মানবিক দায়িত্ব পালন করতে গিয়ে তারা শহীদ হয়েছেন।

লেবাননে ইসরায়েলি হামলা এখনো চলমান; বিমান হামলা ও স্থল অভিযান চালানো হচ্ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই সংঘর্ষে ইতিমধ্যেই এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.