দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি এমকে ফুটওয়্যার পিএলসি চীনের জিনজিয়াং আকিয়া স্পোর্টস কোং লিমিটেডের সঙ্গে একটি বড় রপ্তানি চুক্তি করেছে, যার মাধ্যমে আন্তর্জাতিক ব্যবসা সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করেছে। এই চুক্তির আওতায় বছরে সর্বোচ্চ ১০ মিলিয়ন ডলার পর্যন্ত রপ্তানি আয় হতে পারে।
গত মঙ্গলবার ( ২৪ মার্চ ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক ঘোষণায় এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।
প্রতিষ্ঠানটি জানায়, গত ২৪ মার্চ চীনা প্রতিষ্ঠানটির সঙ্গে উৎপাদন ও সরবরাহ চুক্তিতে সই করেছে। চুক্তি অনুযায়ী, জিনজিয়াং আকিয়া স্পোর্টস প্রতি বছর ন্যূনতম ১০ লাখ জোড়া জুতা অর্ডার দেবে, যা উভয় পক্ষের সম্মত নকশা ও মানদণ্ড অনুযায়ী তৈরি হবে।
কোম্পানিটি আশা করছে, এই চুক্তির মাধ্যমে প্রতি বছর ৮ থেকে ১০ মিলিয়ন ডলার পর্যন্ত রপ্তানি আয় হবে, যা প্রতিটি চুক্তি বছরে নিয়মিত ক্রয়াদেশের মাধ্যমে বাস্তবায়িত হবে।
প্রত্যাশিত চাহিদা পূরণে এমকে ফুটওয়্যার ক্রেতার জন্য আলাদা উৎপাদন সক্ষমতা বরাদ্দ করবে। চুক্তিতে পণ্যের গুণগত মান, উৎপাদনের সময়সীমা, অর্থপ্রদানের শর্তসহ বিভিন্ন বাণিজ্যিক বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
কোম্পানির কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, চুক্তিটি সফলভাবে বাস্তবায়িত হলে এটি তাদের রপ্তানি কার্যক্রমকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে এবং ভবিষ্যৎ ব্যবসা বৃদ্ধিতে সহায়ক হবে।
ঘোষণার পর এমকে ফুটওয়্যারের শেয়ারদর ২ শতাংশ বেড়ে ৮৫ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে, যা বিনিয়োগকারীদের ইতিবাচক মনোভাবের প্রতিফলন।
এদিকে কোম্পানিটির আর্থিক পারফরম্যান্সেও উন্নতি দেখা গেছে। ২০২৪–২৫ অর্থবছরে এমকে ফুটওয়্যার ৭৮ দশমিক ৭৯ কোটি টাকা রাজস্ব অর্জন করেছে, আর নিট মুনাফা ১১৬ শতাংশ বেড়ে ৮ দশমিক ৭৬ কোটি টাকায় পৌঁছেছে।
তবে মুনাফা বৃদ্ধির বড় একটি অংশ এসেছে পুঁজিবাজারে বিনিয়োগ থেকে। কোম্পানিটি আগে কম দামে কেনা লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার বিক্রি করে ৬ দশমিক ৩৭ কোটি টাকা আয় করেছে।
এর আগে, ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য স্পনসর ও পরিচালক ছাড়া অন্যান্য শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল এমকে ফুটওয়্যার।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.