গ্রেপ্তার নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক-কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে রাজধানী কাঠমাণ্ডু থেকে তাঁদের আটক করা হয়।

শনিবার (২৮ মার্চ) এএফপির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত বছরের সেপ্টেম্বরে “জেন–জি” বিক্ষোভকারীদের ওপর চালানো প্রাণঘাতী দমন অভিযানে জড়িত থাকার অভিযোগে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই সময় দুর্নীতিবিরোধী আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযানে অন্তত ৭৭ জন নিহত হন।

এই গ্রেপ্তার ঘটে নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ-এর নেতৃত্বে নতুন সরকারের শপথ নেওয়ার ঠিক একদিন পর। চলতি বছরের ৫ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে তাঁর নেতৃত্বাধীন ‘রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি’ (আরএসপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে।

গত বছরের তীব্র গণবিক্ষোভের মুখে ৭৪ বছর বয়সী অলি পদত্যাগ করতে বাধ্য হন এবং তাঁর সরকারের পতন ঘটে। সেই আন্দোলনের ধারাবাহিকতাতেই রাজনৈতিক পটপরিবর্তন ঘটে দেশটিতে।

কাঠমাণ্ডু ভ্যালি পুলিশের মুখপাত্র ওম অধিকারী জানান, “আজ সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া চলবে।”

বিশ্লেষকদের মতে, এই গ্রেপ্তার নেপালের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ মোড়, যা দেশটির ভবিষ্যৎ রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.