স্কুল-কলেজের মাঠ শিশুদের জন্য উন্মুক্ত রাখার নির্দেশ

দেশের সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ সংরক্ষণ এবং তা সব শিশু-কিশোরদের ব্যবহারের জন্য উন্মুক্ত রাখার নির্দেশ দিয়েছে সরকার।

বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিষ্ঠানের কার্যক্রম শেষে এবং ছুটির দিনে এসব মাঠ আশপাশের ছেলে-মেয়েদের খেলাধুলার জন্য খুলে দিতে হবে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরীর সই করা ওই স্মারকে জানানো হয়েছে হয়, সারাদেশে শহর ও গ্রাম পর্যায়ে খেলার মাঠ নির্ধারণ ও ব্যবহার নিশ্চিত করতে গঠিত আন্তমন্ত্রণালয় কমিটির প্রথম সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আলোকেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যমান মাঠ স্কুল ছুটির পর এবং ছুটির দিনে খোলা রাখতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের অধীন সব মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে এবং মাঠ ব্যবহারের বিষয়টি বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে মাঠগুলো শুধু শিক্ষার্থীদের জন্য নয়, বরং স্থানীয় শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতেও উন্মুক্ত রাখতে হবে বলেও জানানো হয়েছে।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.