২৪ ঘণ্টার মধ্যে ‘নবীন’ পাঞ্জাবির দোকান খুলতে নির্দেশ

রাজধানীর মগবাজার এলাকায় আলোচিত ‘নবীন’ ফ্যাশনের একটি পাঞ্জাবির দোকান বন্ধ করে দেওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আদালত। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোকানটি পুনরায় খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

বুধবার (২৫ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। এ ঘটনায় হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তলব করা হয়েছে।

আদালতের আদেশে উল্লেখ করা হয়, একটি জাতীয় দৈনিকের অনলাইন প্রতিবেদনে দেখা যায়- মগবাজারের বিশাল সেন্টার মার্কেটে অবস্থিত ‘নবীন’ ব্র্যান্ডের একটি পাঞ্জাবির দোকানে একদল ব্যক্তি পুলিশের উপস্থিতিতে গিয়ে দোকান বন্ধ করে দেয়। ঘটনাস্থলে কিছু ব্যক্তিকে উচ্ছৃঙ্খল আচরণ করতে দেখা গেলেও সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা নির্লিপ্তভাবে দাঁড়িয়ে ছিলেন।

এ বিষয়ে আদালত মন্তব্য করেন, পুলিশের এমন নিষ্ক্রিয়তা জনমনে ভীতি সৃষ্টি করতে পারে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলে।

আদেশে আরও বলা হয়, কেন পুলিশের এ আচরণ আইনবহির্ভূত ও পেশাদারিত্ববিরোধী হিসেবে গণ্য করা হবে না- তা জানতে চেয়ে হাতিরঝিল থানার ওসিকে আগামী তিন দিনের মধ্যে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

এছাড়া আদালত নির্দেশ দিয়েছেন, ‘নবীন’ ফ্যাশনের পাঞ্জাবির দোকানটি সংশ্লিষ্ট ওসিকে ঘটনাস্থলে উপস্থিত থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুলে দিতে হবে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ নাম-পরিচয় আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ঈদুল ফিতরের আগের দিন গত ২০ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, তুলনামূলক কম দামে পাঞ্জাবি বিক্রি করায় আশপাশের কিছু ব্যবসায়ী ‘নবীন ফ্যাশন’ দোকানটি বন্ধ করে দেয়। প্রতিবেশী ব্যবসায়ীরা কম দামে পণ্য বিক্রিকে ‘রিলিফ বিতরণের’ সঙ্গে তুলনা করে আপত্তি জানান।

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.