আবারও জেট ফুয়েলের দাম বাড়াল

দ্বিতীয়বার জেট ফুয়েলের দাম বৃদ্ধি মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো বাড়ানো হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য ঘোষণা করে, যা আজ দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে। এর আগে মাসের শুরুতে লিটারপ্রতি ১৭ টাকা ২৯ পয়সা বাড়ানো হলেও এবার এক লাফে বেড়েছে ৮৯ টাকা ৮৮ পয়সা। ফলে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে লিটারপ্রতি ২০২ টাকা ২৯ পয়সা, যা আগে ছিল ১১২ টাকা ৪১ পয়সা। গত মাসে এ দাম ছিল আরও কম, ৯৫ টাকা ১২ পয়সা।

আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জ্বালানির মূল্য বেড়েছে উল্লেখযোগ্যভাবে। প্রতি লিটার জেট ফুয়েলের দাম ০.৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১.৩২১৬ ডলার নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষ করে তেলসমৃদ্ধ অঞ্চলগুলোতে হামলা এবং ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যায়। এর সরাসরি প্রভাব পড়েছে জেট ফুয়েলের দামে। উল্লেখ্য, আগে জেট ফুয়েলের দাম নির্ধারণ করত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তবে ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ দায়িত্ব বিইআরসির কাছে ন্যস্ত করা হয়। এরপর থেকে সংস্থাটি নিয়মিতভাবে প্রতি মাসে জ্বালানির দাম সমন্বয় করে আসছে।

বর্তমান পরিস্থিতিতে জ্বালানি খাতের এই মূল্যবৃদ্ধি দেশের বিমান পরিবহন খাতে অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.