কলম্বিয়ায় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত বেড়ে ৬৬

গতকাল সোমবার কলম্বিয়ার দক্ষিণাঞ্চলীয় পুতোমায়ো প্রদেশের পুয়ের্তো লেগুইজামা শহরের কাছে বিধ্বস্ত হয় দেশটির সামরিক বাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ কার্গো পরিবহন উড়োজাহাজ। বিমানটি মার্কিন কোম্পানি লকহিড মার্টিনর তৈরি। উড্ডয়নের পর ভূপৃষ্ঠ থেকে মাত্র দেড় কিলোমিটার ওপরে ওঠার পরেই মাটিতে আছড়ে পড়ে বিমানটি এবং বিস্ফোরিত হয়।

কলম্বিয়ার সেনাপ্রধান জেনারেল হুগো আলেজান্দ্রো লোপেজ সাংবাদিকদের জানিয়েছেন, এ সময় উড়োজাহাজটিতে চালক-সহ মোট ১২৮ জন যাত্রী ছিলেন। এই যাত্রীদের মধ্যে ১১ জন বিমান বাহিনীর সদস্য, ১১৫ জন স্থলবাহিনীর সদস্য এবং কলম্বিয়ার জাতীয় পুলিশ বাহিনীর ২ জন কর্মকর্তা। পুতোমায়ো প্রদেশের সঙ্গে পার্শ্ববর্তী দেশ পেরুর সীমান্ত রয়েছে এবং সামরিক বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই সীমান্তের কাছে।

পুয়ের্তো লেগুইজামা শহরের নগর প্রশাসনের পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল, বিমানটি বিধ্বস্ত হয়ে ৩৪ জন নিহত হয়েছেন। বর্তমানে নগর প্রশাসনের উদ্যোগে ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে।

তবে স্থানীয় বাসিন্দারা সবার আগে উদ্ধার তৎপরতায় এগিয়ে আসেন। বিমান বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণের মধ্যে তারা আহত সেনাদের উদ্ধার করে মোটরসাইকেলে চাপিয়ে হাসপাতালে নিয়ে যান—এমন দৃশ্য বিভিন্ন ফুটেজে দেখা গেছে।

দুর্ঘটনাস্থল থেকে ফায়ারসার্ভিসের মুখপাত্র এদুয়ার্দো সান জুয়ান ক্যালেজাস কলম্বিয়ার গণমাধ্যমকে জানান, উড্ডয়নের সময় বিমানটিতে সম্ভবত যান্ত্রিক গোলযোগ হয়েছিল, যে কারণে সেটি কিছু সময় পরেই বিধ্বস্ত হয়ে পড়ে। মাটিতে পড়ার সময় এটি একটি গাছের ডালের সঙ্গে ধাক্কা খেয়েছিল। বিমানটিতে জ্বালানি তেলের পাশাপাশি কিছু বিস্ফোরকজাতীয় বস্তু ছিল বলেও ধারণা করছে ফায়ারসার্ভিস।

সেনাপ্রধান লোপেজ জানিয়েছেন, বিধ্বস্ত বিমানটি থেকে এ পর্যন্ত ৫৭ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তারা সবাই আহত এবং হাসপাতালে ভর্তি আছেন। এই ৫৭ জনের মধ্যে ৩০ জনের আঘাত গুরুতর নয়।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এ দুর্ঘটনার জন্য দেশটির আমলাতন্ত্রের কঠোর সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, প্রতিরক্ষা বাহিনীকে আধুনিক করার উদ্যোগ বারবার নেওয়া হলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, এখন আর বিলম্ব সহ্য করা হবে না এবং যারা প্রতিরক্ষা বাহিনী আধুনিকায়নে আগ্রহী নন, তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.