শুরু হচ্ছে ব্যাংক, বিমা ও পুঁজিবাজারে লেনদেন

দীর্ঘ সাত দিনের ঈদুল ফিতরের ছুটি শেষে আজ মঙ্গলবার থেকে সারাদেশে আবারও স্বাভাবিক কর্মতৎপরতা শুরু হয়েছে। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংক, বিমা ও পুঁজিবাজারের কার্যক্রমও একযোগে চালু হয়েছে।

সকাল থেকেই কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে অফিস পাড়ায় কর্মচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।

এ বছর ঈদুল ফিতরের ছুটি একদিন বাড়িয়ে মোট সাত দিন করা হয়েছিল। গত ১৭ মার্চ শবে কদরের ছুটি থেকে এই দীর্ঘ ছুটির শুরু হয়। মাঝে ১৮ মার্চ একটি কর্মদিবস থাকলেও নির্বাহী আদেশে সেটি ছুটি ঘোষণা করায় টানা সাত দিন পর আজ অফিস খুলল। উল্লেখ্য, গতকাল সোমবার (২৩ মার্চ) ছিল এই ছুটির শেষ দিন।

রমজান পরবর্তী স্বাভাবিক সময়সূচি অনুযায়ী আজ থেকে সরকারি অফিসের কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। অফিস খোলার প্রথম দিনে কাজের চেয়ে সহকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং কুশলাদি আদান-প্রদানই বেশি প্রাধান্য পাচ্ছে। ফলে অফিসগুলোতে এখনও ঈদের আমেজ বিরাজ করছে।

আর্থিক প্রতিষ্ঠানগুলোও আজ থেকে তাদের নিয়মিত সময়সূচিতে ফিরেছে। ব্যাংকগুলোতে গ্রাহক লেনদেন শুরু হয়েছে সকাল ১০টায়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে দাপ্তরিক কাজ সম্পন্ন করার জন্য ব্যাংক খোলা থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। অন্যদিকে, পুঁজিবাজারে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এবং অফিসিয়াল কার্যক্রম চলবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।

তবে আজ অফিস খুললেও সপ্তাহ শেষ হতেই আবারও ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি চাকুরেরা। আগামী বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সরকারি ছুটি। এর সঙ্গে যুক্ত হচ্ছে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি। ফলে টানা তিন দিন কাজ করার পর আবারও তিন দিনের একটি সংক্ষিপ্ত ছুটির আমেজ পেতে যাচ্ছেন কর্মজীবীরা।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.