ইরানের সঙ্গে ভালো আলোচনা হয়েছে বলে দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা পাঁচদিনের জন্য স্থগিত করার কথা জানিয়েছেন।
সোমবার (২৩ মার্চ) হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানকে দেওয়া ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই এই ঘোষণা দিলেন তিনি।
তিনি আরও বলেন, ‘তেহরানের সঙ্গে এই গভীর, বিশদ এবং গঠনমূলক আলোচনায় তাদের সুর ও মেজাজের উপর ভিত্তি করে, যা সপ্তাহজুড়ে চলবে, আমি যুদ্ধ মন্ত্রণালয়কে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধে যেকোনো সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছি।’
এদিকে আলোচনার বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি। তবে ইরান গত কয়েকদিন ধরেই বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা কোনো ধরনের আলোচনা করবে না।
এছাড়াও গত শুক্রবার বিকেলেও ট্রাম্প বলেছিলেন তিনি ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে আগ্রহী নন।
তিনি বলেন, ‘আমরা আলোচনা করতে পারি, কিন্তু আমি যুদ্ধবিরতি করতে চাই না।’
এদিকে গত শনিবার ট্রাম্প বলেন, ‘যদি ইরান ঠিক এই মুহূর্ত থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কোনো হুমকি ছাড়াই হরমুজ প্রণালি সম্পূর্ণরূপে খুলে না দেয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে আঘাত হেনে সেগুলোকে নিশ্চিহ্ন করে দেবে এবং শুরুটা হবে সবচেয়ে বড়টি দিয়ে।
জবাবে তেহরান জানিয়েছিল, তাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে যুক্তরাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট গালফ দেশের জ্বালানি স্থাপনায় হামলা করবে ইরান।
দেশটির পার্লামেন্টের স্পিকার হুশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি হামলা করে, তাহলে গালফ অঞ্চলের দেশগুলোর জরুরি অবকাঠামোতে ‘অপূরণীয় ধ্বংসযজ্ঞ’ চালানো হবে।
এছাড়াও সোমবার পুরো পারস্য উপসাগর মাইন পেতে অবরুদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.