অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি গ্রামগুলোতে ইহুদি বসতি স্থাপনকারীদের (settlers) হামলা ও সহিংসতা ব্যাপকভাবে বেড়েছে, যেখানে বাড়িঘর ও গাড়িতে আগুন দেওয়া হচ্ছ।
শনিবার (২১ মার্চ) ১৮ বছর বয়সী ইহুদি তরুণ ইহুদা শেরম্যানের মৃত্যুর পর এই সহিংসতার সূত্রপাত হয়।
জানা গেছে, কোয়াড বাইক চালানোর সময় এক ফিলিস্তিনির গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়। ঘটনাটি পরিকল্পিত নাকি দুর্ঘটনা—তা তদন্ত করছে পুলিশ।
এই ঘটনার পর বসতি স্থাপনকারীদের ব্যবহৃত হোয়াটসঅ্যাপ গ্রুপে ‘প্রতিশোধ অভিযান’ চালানোর আহ্বান জানানো হয়। ইসরায়েলি সংবাদমাধ্যমে এক প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে বলা হয়েছে, রাতারাতি ২০টিরও বেশি হামলার ঘটনা ঘটেছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর থেকেই ফিলিস্তিনে বসতি স্থাপনকারীদের সহিংসতা নাটকীয়ভাবে বেড়েছে। গত ১ মার্চ থেকে এখন পর্যন্ত তাদের হাতে অন্তত ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, শনিবার রাতে একাধিক ফিলিস্তিনি গ্রামে সেনা ও সীমান্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অধিকৃত এলাকায় ইসরায়েলি বেসামরিক নাগরিকদের অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলার খবর পাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়।
হামলার শিকার গ্রামগুলোর মধ্যে রয়েছে জালুদ, কারিয়ুত, আল-ফান্দুকুমিয়াহ এবং সিলাত আদ-দাহর। অনলাইনে ছড়িয়ে পড়া ফুটেজে (যার সত্যতা বিবিসি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি) দেখা যায়, কালো পোশাক ও মুখোশ পরা ৯০ জনের বেশি ব্যক্তি জালুদ গ্রামে ঢুকে তাণ্ডব চালাচ্ছে।
অন্য ভিডিওতে গ্রামটিতে একাধিক যানবাহনে আগুন, ভবনের জানালা ভাঙচুর এবং অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা যায়। একটি ভবনের দেয়ালে স্প্রে-পেইন্ট দিয়ে ‘ইহুদার বদলা নাও’ লেখা হয়েছে।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, হামলাকারীদের প্রতিহত করতে গিয়ে অন্তত তিনজন ফিলিস্তিনি মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হামলাকারীদের মধ্যেও আহতের খবর রয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, একটি হোয়াটসঅ্যাপ বার্তায় বলা হয়েছে, ‘ইহুদিদের রক্ত ঝরলে আমরা চুপ থাকব না।’ আরেকটিতে লেখা, ‘আমরা প্রতিশোধ এবং শত্রুদের নির্মূল করতে চাই।’
ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এসব হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ঈদুল ফিতরের মধ্যে চালানো এই হামলায় ঘরবাড়ি ও সম্পত্তি পুড়িয়ে দেওয়া হয়েছে, বেসামরিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ সড়কগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.