ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেছে।

আজ শুক্রবার (২০ মার্চ) দুপুরে রাজধানী নয়াদিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের শীর্ষ পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে এই বৈঠককে।

বৈঠক শেষে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ তার সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সুযোগ হলো।’

তিনি আরও বলেন, ‘আমি তাকে (জয়শঙ্কর) আশ্বস্ত করেছি যে দুই দেশের অভিন্ন স্বার্থ ও পারস্পরিক সুবিধাগুলো অর্জন করতে বাংলাদেশ ভারতের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত।’

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করা এক পোস্টে এস জয়শঙ্কর জানান, দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই আলোচনা হয়েছে।

গুরুত্বপূর্ণ এই বৈঠকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ-মিয়ানমার বিভাগের যুগ্ম সচিব বি শ্যাম-ও উপস্থিত ছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র এক মাস অতিবাহিত হয়েছে।

এর আগে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় দেড় বছর সময়কালে ভারতের সঙ্গে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের সরকারি যোগাযোগ কার্যত স্থবির ছিল।

ঢাকায় নতুন রাজনৈতিক সরকার আসার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের এই আনুষ্ঠানিক বৈঠক দুই প্রতিবেশী দেশের মধ্যে বরফ গলার এবং নতুন করে সম্পর্ক জোরদারের ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.