পাকিস্তানকে হ্রাসকৃত মূল্যে তেল বিক্রির প্রস্তাব রাশিয়ার

ভারতের পর এবার পাকিস্তানকেও হ্রাসকৃত মূল্যে জ্বালানি তেল সরবরাহের প্রস্তাব দিয়েছে রাশিয়া। পাকিস্তানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত Albert Khorev গতকাল এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ইসলামাবাদ আগ্রহ প্রকাশ করলে মস্কো কম দামে তেল সরবরাহ করতে প্রস্তুত।

ইসলামাবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে খোরেভ বলেন, পাকিস্তান যদি আনুষ্ঠানিকভাবে আগ্রহ জানায়, তাহলে দেশটির কাছে হ্রাসকৃত মূল্যে জ্বালানি তেল বিক্রি করবে রাশিয়া।

রুশ রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো জ্বালানি খাত। এ খাতে যেকোনো অগ্রগতি অনেকটাই ইসলামাবাদের উদ্যোগ গ্রহণের ওপর নির্ভর করবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রসঙ্গত, হরমুজ প্রনালীতে ইরানের অবরোধ এবং ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে পাকিস্তানসহ মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল অনেক দেশে।

পাকিস্তান মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে জ্বালানি তেল আমদানি করে থাকে। তবে হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় নতুন তেলের চালান আসতে পারছে না। এর ফলে দেশটির সরকার ইতোমধ্যে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম প্রায় ২০ শতাংশ পর্যন্ত বাড়াতে বাধ্য হয়েছে।

সংবাদ সম্মেলনে খোরেভ আরও বলেন, ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ বিশ্বকে বিস্মিত করেছে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিকে তিনি “জটিল ও অপ্রত্যাশিত” উল্লেখ করে বলেন, বর্তমান উত্তেজনা কখন এবং কীভাবে শেষ হবে তা বলা কঠিন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.