জ্বালানি সংকটের আশঙ্কায় শ্রীলঙ্কায় সপ্তাহে ৩ দিন ছুটি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের জেরে আবারও জ্বালানি–সংকট হতে পারে—এ আশঙ্কায় শ্রীলঙ্কার সরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য প্রতি বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এখন থেকে শ্রীলঙ্কায় সাপ্তাহিক ছুটি থাকবে তিন দিন।

পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠক করেছে শ্রীলঙ্কা সরকার। বৈঠকে প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে বলেন, ‘আমাদের সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। তবে ভালো কিছুর প্রত্যাশাও করতে হবে।’ খবর গণমাধ্যম।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানির সরবরাহ নিশ্চিত করতে ভারত ও রাশিয়ার সঙ্গে আলোচনা চলছে।

২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর ব্যাপক যৌথ হামলা শুরু করে। তেহরানের পাল্টা জবাবের পর সংঘাতটি পুরো উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় এশিয়ার বিভিন্ন দেশ ইতিমধ্যে কৃচ্ছ্রসাধনমূলক নানা পদক্ষেপ নিয়েছে। এই প্রণালি দিয়ে যে তেল ও গ্যাস পরিবহন হয়, তার প্রায় ৯০ শতাংশের গন্তব্য এশিয়া। বিশ্বের সবচেয়ে বেশি তেলও আমদানি করে এ অঞ্চল। ফলে হরমুজ দিয়ে তেল পরিবহন ব্যাহত হওয়ায় সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে এশিয়া।

এ পরিস্থিতিতে এশিয়ার বিভিন্ন দেশে নানা সাশ্রয়ী পদক্ষেপ নেওয়া হয়েছে। থাইল্যান্ড সরকার মানুষকে শীতাতাপনিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার কমাতে স্যুটের বদলে হালকা পোশাক পরার আহ্বান জানিয়েছে। মিয়ানমারে ব্যক্তিগত গাড়ি এক দিন পরপর চালানোর অনুমতি দেওয়া হয়েছে। লাইসেন্স নম্বর অনুযায়ী ঠিক করা হবে, কোন গাড়ি কবে চলবে।

বাংলাদেশে জ্বালানি সাশ্রয়ে দেশজুড়ে রেশনিং করা হয়েছে কিছুদিন। তবে ঈদের সময় মানুষের ভোগান্তি কমাতে রোববার থেকে রেশনিং তুলে নেওয়া হয়েছে।

ফিলিপাইনের কিছু সরকারি দপ্তরে সপ্তাহে অন্তত এক দিন বাসা থেকে কাজ করা বাধ্যতামূলক করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র সরকারি কর্মচারীদের অপ্রয়োজনীয় ভ্রমণ নিষিদ্ধ করেছেন। পাশাপাশি তেলের বাড়তি দামের চাপ সামাল দিতে ট্রাইসাইকেল চালক, কৃষক ও জেলেদের জন্য তিন হাজার থেকে পাঁচ হাজার পেসো (৫০ থেকে ৮৪ ডলার) পর্যন্ত নগদ সহায়তা ঘোষণা করা হয়েছে।

ভিয়েতনামও জ্বালানি সাশ্রয়ে নানা ব্যবস্থা নিচ্ছে। নাগরিকদের প্রতি সরকারের আহ্বান, তারা যেন বেশির ভাগ সময় বাড়িতে কাটান। একই সঙ্গে সাইকেল চালানো, কারপুলিং (একই গন্তব্যে যাওয়া একাধিক ব্যক্তি একসঙ্গে একটি গাড়ি ব্যবহার করা), গণপরিবহন ব্যবহার ও অপ্রয়োজনে ব্যক্তিগত গাড়ি ব্যবহার সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও যা যা করছে শ্রীলঙ্কা

বুধবার সাপ্তাহিক ছুটি ঘোষণার মধ্য দিয়ে শ্রীলঙ্কায় এখন চার দিনের কর্মসপ্তাহ শুরু হয়েছে। নতুন এই নিয়ম স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জন্যও কার্যকর হবে। তবে স্বাস্থ্যসেবা ও অভিবাসনসহ জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো এর আওতার বাইরে থাকবে। টানা তিন দিন ছুটি এড়াতে শুক্রবারের পরিবর্তে বুধবার অতিরিক্ত ছুটির দিন হিসেবে বেছে নেওয়া হয়েছে।

এ ছাড়া জ্বালানি কেনার ক্ষেত্রে মোটরচালকদের জন্য ন্যাশনাল ফুয়েল পাস বা জাতীয় জ্বালানি পাস বাধ্যতামূলক করা হয়েছে। এই পাসের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি বরাদ্দ দেওয়া হবে।

তবে অনেকের অভিযোগ, ব্যক্তিগত গাড়ির জন্য ১৫ লিটার ও মোটরসাইকেলের জন্য ৫ লিটারের যে বরাদ্দ দেওয়া হয়েছে, তা একেবারেই অপ্রতুল। ২০২২ সালের ভয়াবহ অর্থনৈতিক সংকটের সময় প্রথম এই রেশনিং ব্যবস্থা চালু করা হয়। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ার কারণে শ্রীলঙ্কা তখন প্রয়োজনীয় পণ্য ও জ্বালানি আমদানি করতে পারেনি। একপর্যায়ে সেই সংকট থেকে ব্যাপক জনরোষ তৈরি হয়। গণ–অভ্যুত্থানের মুখে শ্রীলঙ্কার তৎকালীন গোতাবায়া রাজাপক্ষে সরকারের পতন হয়।

ইরান যদিও দাবি করেছে যে হরমুজ প্রণালি তাদের শত্রু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য বন্ধ রাখা হয়েছে। কিন্তু বাস্তবে অন্যান্য দেশের জাহাজও সেখানে আটকে আছে। যুদ্ধে কারণে এই পথ কার্যত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় শত শত তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজ উপসাগরীয় জলসীমায় অপেক্ষা করছে। নিরাপত্তা ও বিমাঝুঁকির কারণে তারা এগোতে পারছে না।

এ সংকটের প্রভাব দ্রুতই বৈশ্বিক জ্বালানি বাজারে পড়েছে। তেল সরবরাহ ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অনেকটা বেড়ে গেছে এবং তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। খবর গণমাধ্যম।

যুদ্ধ শুরুর আগে থেকেই তেলের দাম বাড়ছে। চলতি বছর ইতিমধ্যে তেলের দাম ৬০ শতাংশের বেশি বেড়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.