পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে টানা ১১ দিন আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।
বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, পবিত্র শবে কদর, ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বন্দরের ছুটি নির্ধারণ করতে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ী সংগঠনের নেতাদের মধ্যে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় দেশের ব্যবসায়ীরা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ছুটির সময়সূচি নির্ধারণ করেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার ১৭ মার্চ পবিত্র শবে কদর উপলক্ষে বন্দরে ছুটি থাকবে। এরপর ১৯ মার্চ থেকে ঈদুল ফিতরের ছুটি শুরু হবে। ঈদের ছুটি শেষে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আবারও ছুটি থাকবে। এর সঙ্গে ১৮ মার্চ অতিরিক্ত ছুটি যুক্ত করে ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত মোট ১১ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সময় বন্দরের মাধ্যমে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগামী ২৮ মার্চ থেকে যথারীতি বন্দরের সব ধরনের কার্যক্রম পুনরায় চালু হবে। তবে এই সময়েও বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.