ঈদের ছুটি শুরু হয়ে গেছে। বিভিন্ন কারণে যারা ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে থাকেন, তারা এখন নিজ নিজ জেলায় ফিরতে শুরু করেছেন। ফলে স্বাভাবিকভাবেই ফাঁকা হতে শুরু করেছে রাজধানী। এদিকে ঈদযাত্রার প্রথম দিনে বাস, ট্রেন ও লঞ্চে ঘরমুখী মানুষের ঢল নেমেছে।
মঙ্গলবার সকাল থেকে রাজধানীর সায়েদাবাদ, টিটিপাড়া, মহাখালী বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। সেই সাথে কমলাপুর রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন স্টেশনে ব্যাপক ভিড় দেখা গেছে। যারা আগে থেকে টিকেট কেটে রেখেছেন, তারা কিছুটা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারলেও যারা আগে থেকে টিকেট কেটে রাখেননি, নতুন করে টিকেট কাটতে গিয়ে এখন তারা ভোগান্তির মুখে পড়ছেন।
বিভিন্ন বাস টার্মিনালে দেখা গেছে, দূরপাল্লার যাত্রীরা টিকিটের জন্য হন্যে হয়ে ঘুরছেন, আর পেলেও গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। কোথাও ২০০, কোথাও আবার ৮০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
যাত্রীদের অভিযোগ, ঈদকে সামনে রেখে ঢাকার বিভিন্ন বাস টার্মিনাল ও অনলাইন প্ল্যাটফর্মে দূরপাল্লার টিকিট কিনতে গিয়ে তাদের প্রতি টিকিটে ২০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত অতিরিক্ত দিতে হচ্ছে, যা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্ধারিত ভাড়ার তুলনায় বেশি।
সরকারি অফিসগুলোতে গতকাল সোমবার ছিল শেষ কর্মদিবস। সচিবালয়ের পাশাপাশি বিভিন্ন অফিসে দেখা গেছে, কর্মচারীরা তাদের ব্যাগ গুছিয়ে নিয়ে অফিসে এসেছেন। এর মধ্যে যাদের গন্তব্যস্থল অনেক দূরে, তারা অফিসের কাজ সকাল-সকাল গুছিয়ে গ্রামের পথে রওনা দেন। এবার সরকারি ছুটি সাত দিনের হলেও পোশাক কারখানায় এ ছুটি ৭-১০ দিনের মতো হচ্ছে। তবে ঈদে যানজট ও ভোগান্তি এড়াতে ধাপে ধাপে গাজীপুরের পোশাক কারখানাগুলো ছুটি দেওয়া হবে। পুলিশ ও পোশাক কারখানার মালিকদের সর্বসম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ অথবা ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.