কিউবার সঙ্গে আলোচনা চললেও অগ্রাধিকার তালিকায় ইরানই রয়েছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কিউবার সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু হলেও তার প্রশাসনের অগ্রাধিকার তালিকায় ইরানই রয়েছে। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ পরিকল্পনার কথা জানান।

ট্রাম্প বলেন, “আমরা কিউবার সঙ্গে কথা বলছি, তবে কিউবার আগে আমরা ইরানের বিষয়টি মোকাবিলা করতে যাচ্ছি।”

গত শুক্রবার কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি নিশ্চিত করেন। ট্রাম্পের মতে, দক্ষিণ ফ্লোরিডায় তার সমর্থকরা কয়েক দশকের শত্রুতা শেষে একটি বড় পরিবর্তনের অপেক্ষায় আছেন।

কিউবার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প গত জানুয়ারি থেকেই সরব রয়েছেন। বিশেষ করে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন সামরিক বাহিনী অপহরণ করে বিচারের জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে আসার পর থেকে এই তৎপরতা বেড়েছে। দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলা কিউবাকে বড় ধরনের আর্থিক সহায়তা দিয়ে আসছিল। মাদুরোর পতনের ফলে সেই সহায়তার পথ বন্ধ হয়ে যাওয়ায় কিউবার ওপর চাপ সৃষ্টি হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প দৃঢ়তার সঙ্গে বলেন, “আমি মনে করি আমরা খুব শিগগিরই একটি চুক্তিতে পৌঁছাবো, অথবা আমাদের যা যা করার প্রয়োজন আমরা তা-ই করব।”

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.