হরমুজ প্রণালি সচল করতে না এগোলে ন্যাটোর ভবিষ্যৎ ‘খুব খারাপ’ হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, হরমুজ প্রণালি সচল করতে মিত্র দেশগুলো যদি প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়, তবে ন্যাটোর ভবিষ্যৎ ‘খুব খারাপ’ হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ফিন্যান্সিয়াল টাইমস’-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

ট্রাম্প বলেন, “এই প্রণালির সুবিধাভোগী যেসব দেশ, তাদেরই নিশ্চিত করতে হবে সেখানে কোনো সমস্যা না হয়। যদি কোনো সাড়া না পাওয়া যায় বা জবাব নেতিবাচক হয়, তাহলে ন্যাটোর ভবিষ্যতের জন্য তা খুবই খারাপ হবে।”

মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেন, হরমুজ প্রণালি দিয়ে তেলের সরবরাহের ওপর ইউরোপ ও চীন সবচেয়ে বেশি নির্ভরশীল হলেও তারা সচল রাখতে কোনো ভূমিকা নিচ্ছে না। দুই সপ্তাহের বেশি আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর পর তেহরান এই নৌপথ কার্যত বন্ধ করে দেয়।

ট্রাম্প মিত্র দেশগুলোর কাছে ‘মাইনসুইপার’ এবং কমান্ডো বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন। তিনি ইউরোপীয় বিশেষ বাহিনীকে উগ্রবাদীদের নির্মূল অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানান।

যুক্তরাজ্যের প্রতি ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, “প্রথমে সহায়তা চাওয়ার পরও যুক্তরাজ্য সাড়া দেয়নি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর তারা দুটি জাহাজ পাঠানোর কথা বলেছে, কিন্তু আমরা জয়ের আগে তাদের প্রয়োজন। জয়ের পরে নয়।”

চীন সফরের প্রসঙ্গে তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়ে চীনের ৯০ শতাংশ জ্বালানি তেল সরবরাহ হয়। কার্যকর পদক্ষেপ না নিলে তার বেইজিং সফর স্থগিত হতে পারে।

ট্রাম্প আরও সতর্ক করেন, ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে প্রয়োজনে নতুন করে হামলা চালানো হতে পারে। একই সঙ্গে তিনি জানিয়ে দেন, রাশিয়া যদি ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে তথ্য সহায়তা দিয়ে থাকে, তা নিয়েও ওয়াশিংটন নজর রাখছে।

অর্থসুচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.