পাকিস্তান আফগানিস্তানের ভূখণ্ডে সামরিক অভিযান চালিয়ে বিভিন্ন সন্ত্রাসী আস্তানা ও প্রযুক্তিগত অবকাঠামো ধ্বংস করেছে। পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে, কান্দাহার প্রদেশে তালেবান ও তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ব্যবহৃত সরঞ্জাম মজুত কেন্দ্র এবং একটি সুড়ঙ্গ লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে।
রবিবার (১৫ মার্চ) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাতের বেলা শহরের ওপর দিয়ে যুদ্ধবিমান উড়তে দেখেছেন এবং বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্পিন বালদাক ও খোস্ত প্রদেশেও সীমান্তের কাছে সংঘর্ষের খবর পাওয়া গেছে। আফগান তালেবান সরকারের মুখপাত্র বলেছেন, হামলায় একটি মাদক পুনর্বাসন কেন্দ্র ও একটি খালি কন্টেইনার ক্ষতিগ্রস্ত হয়েছে।
উত্তেজনার পটভূমি:
পাকিস্তানের তিনটি স্থানে আফগান ড্রোন হামলার পর প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি কাবুলকে সতর্ক করেছিলেন। পাকিস্তান দাবি করছে, কান্দাহারের কেন্দ্র থেকে এসব ড্রোন পরিচালিত হচ্ছিল এবং সীমান্ত পেরিয়ে বিদ্রোহী কর্মকাণ্ড পরিচালনার জন্য ব্যবহৃত হচ্ছিল।
সাম্প্রতিক হামলা-পাল্টা হামলায় উভয় পক্ষের অন্তত ৯৯ জন নিহত হয়েছেন, যার মধ্যে পাকিস্তানের ১৩ সৈন্য ও একজন বেসামরিক এবং আফগানিস্তানের ১৩ সৈন্য ও ৭২ জন বেসামরিক নাগরিক রয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে ১৮৫ বেসামরিক নিহত এবং প্রায় ১ লাখ ১৫ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।
ভারত পাকিস্তানের এই হামলার নিন্দা জানিয়েছে, তবে পাকিস্তান তা প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দরাবি বলেছেন, আফগান ভূখণ্ড থেকে পরিচালিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ধ্বংসে ভারতের হতাশা বোঝা যায়।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.