একদিন আগে একযোগে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর এবার পারমাণবিক ক্ষমতাসম্পন্ন নতুন রকেট লঞ্চারের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর চলমান বসন্তকালীন সামরিক মহড়ার মধ্যেই রোববার এই পরীক্ষা চালানো হয়েছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, দেশটির নেতা কিম জং উন মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমের এই পরীক্ষা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি ১২টি ৬০০ মিলিমিটার ক্যালিবারের অতি-নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমের উৎক্ষেপণ দেখেন।
কিম জং উন বলেন, এই পরীক্ষা ৪২০ কিলোমিটার দূরত্বের মধ্যে থাকা পিয়ংইয়ংয়ের শত্রুদের মাঝে এক ধরনের অস্বস্তি এবং কৌশলগত পারমাণবিক অস্ত্রের ধ্বংসাত্মক ক্ষমতা সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর ছোড়া সব রকেট পূর্ব সাগরে ৩৬০ কিলোমিটারেরও বেশি দূরের একটি দ্বীপের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এসব রকেট লঞ্চারকে অত্যন্ত প্রাণঘাতী অস্ত্র হিসেবে উল্লেখ করেছেন কিম জং উন।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বড় যানবাহন থেকে কয়েকটি রকেট আকাশে নিক্ষেপ করা হচ্ছে। অন্য একটি ছবিতে কিম জং উন এবং তার মেয়ে জু আয়ে সামরিক কর্মকর্তাদের সঙ্গে দূর থেকে এই উৎক্ষেপণ পর্যবেক্ষণ করছেন।
সম্প্রতি উত্তর কোরিয়ার বিভিন্ন সরকারি অনুষ্ঠানে জু আয়েকে নিয়ে ঘন ঘন উপস্থিত হতে দেখা যাচ্ছে কিম জং উনকে। ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে তিনি দেশটির নেতৃত্বে আসতে পারেন।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, শনিবার উত্তর দিক থেকে পূর্ব সাগরের দিকে একাধিক উৎক্ষেপণ শনাক্ত করা হয়েছে। সিউলের ব্লু হাউস এই উৎক্ষেপণকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘনকারী উসকানি হিসেবে আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে এবং পিয়ংইয়ংকে অবিলম্বে এ ধরনের কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সেক কয়েক দিন আগে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন কিম জং উনের সঙ্গে তার একটি ভালো বৈঠক হতে পারে। ট্রাম্প প্রশাসন গত কয়েক মাস ধরে পিয়ংইয়ংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা পুনরায় শুরু করার চেষ্টা করছে এবং বছরের শেষের দিকে ট্রাম্পের বেইজিং সফরের সময় সম্ভাব্য শীর্ষ বৈঠকের কথাও ভাবা হচ্ছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.