সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।

রবিবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ বিমানটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়। সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস এবং বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস।

বিষয়টি নিশ্চিত করেছেন মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল। সিঙ্গাপুরে রওনা হওয়ার আগে মির্জা আব্বাসের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৩ মার্চ) মস্তিষ্কে অস্ত্রোপচারের পর মির্জা আব্বাসকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। শনিবার (১৪ মার্চ) সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়।

এর আগে বৃহস্পতিবার ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার অবনতি হলে রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে সিটি স্ক্যানের রিপোর্টে জটিলতা ধরা পড়লে দ্রুত একটি ভার্চুয়াল মেডিক্যাল বোর্ড বসে এবং অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়।

শুক্রবার দুই দফায় মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর চিকিৎসকদের পর্যবেক্ষণে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় তাকে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.