আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রি ইতোমধ্যে শেষ করেছে বাংলাদেশ রেলওয়ে। এবার শুরু ঈদ ফেরত যাত্রার অগ্রিম টিকিট বিক্রি।
শুক্রবার (১৩ মার্চ) থেকে ফিরতি ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে। প্রথম দিন বিক্রি হবে ২৩ মার্চের টিকিট। এর মাধ্যমে ঈদের ছুটি শেষে রাজধানীসহ বিভিন্ন কর্মস্থলে ফেরার পরিকল্পনা করতে পারবেন যাত্রীরা।
রেলওয়ে সূত্র জানায়, ধাপে ধাপে কয়েকদিনের টিকিট বিক্রি করা হবে। সেই অনুযায়ী ১৪ মার্চ বিক্রি হবে ২৪ মার্চের টিকিট, ১৫ মার্চ ২৫ মার্চের, ১৬ মার্চ ২৬ মার্চের, ১৭ মার্চ ২৭ মার্চের, ১৮ মার্চ ২৮ মার্চের এবং ১৯ মার্চ বিক্রি হবে ২৯ মার্চের যাত্রার টিকিট।
যাত্রীদের ভোগান্তি কমাতে এবং টিকিট কেনা সহজ করতে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। ফলে কাউন্টারে লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে বিক্রি শুরু হবে। আর পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। ঈদের সময় যাত্রীচাপ বেশি থাকায় নির্ধারিত সময় অনুযায়ী দ্রুত টিকিট সংগ্রহ করার পরামর্শ দিচ্ছে রেলওয়ে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.