আরও এক আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ আসনের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে করা এক আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই আসনের ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সব নির্বাচনি সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জানা গেছে, এ আসনে জয়ী হয়েছেন আল ফারুক আব্দুল লতিফ। নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে আবেদন করেছেন বিএনপির প্রার্থী শাহরিন ইসলাম।

এর আগে বিভিন্ন আসনের নির্বাচনি ফল নিয়ে অন্তত ৩০ জনের বেশি প্রার্থী হাইকোর্টে আবেদন করেছিলেন। এসব আবেদনের প্রাথমিক শুনানি গ্রহণ করে সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপার ও প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত।

আইন অনুযায়ী, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২-এর ৪৯ ধারা অনুসারে নির্বাচনি অনিয়মের অভিযোগে করা আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক বেঞ্চ বর্তমানে এসব আবেদনের শুনানি গ্রহণ করছেন।

হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় উল্লেখ রয়েছে, ২০০১ সালের সংশোধনের মাধ্যমে পরিবর্তিত ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী নির্বাচনি আবেদনপত্র, সংশ্লিষ্ট রুল ও অন্যান্য আবেদন গ্রহণ এবং শুনানির এখতিয়ার এই বেঞ্চের ওপর ন্যস্ত আছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.