এমটিবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মনজুর এলাহীর প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং এর সহযোগী প্রতিষ্ঠান এমটিবি ক্যাপিটাল লিমিটেড ও এমটিবি সিকিউরিটিজ পিএলসি ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মনজুর এলাহীর প্রথম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সৈয়দ মনজুর এলাহী ছিলেন একজন দূরদর্শী শিল্পোদ্যোক্তা, বিশিষ্ট শিল্পপতি ও রাষ্ট্রনায়ক। ১৯৭৬ সালে তিনি এপেক্স ট্যানারি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে এপেক্স ফুটওয়্যার লিমিটেড এবং গ্রে অ্যাডভার্টাইজিং (বাংলাদেশ) লিমিটেড প্রতিষ্ঠা করেন। ১৯৯৯ সালে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি’র প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান হিসেবে দেশের করপোরেট অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

অসাধারণ নেতৃত্ব ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৯৬ ও ২০০১ সালে দুইবার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যবসার পাশাপাশি শিক্ষা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন, বিশেষ করে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ও মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের মাধ্যমে।

জীবদ্দশায় সততা, পেশাদারিত্ব ও সমাজসেবায় অসামান্য অবদানের জন্য তিনি বহু স্বীকৃতি অর্জন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ২০২৩ সালে ইউকেবিসিসিআই প্রদত্ত ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’।

প্রথম মৃত্যুবার্ষিকীর এই দিনে এমটিবি পরিবার তার অসামান্য নেতৃত্ব, অবদান ও চির অম্লান উত্তরাধিকার গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.