পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে ফিরতি যাত্রার জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হতে যাচ্ছে। আগামীকাল শুক্রবার (১৩ মার্চ) ২৩ মার্চের টিকিট বিক্রির মাধ্যমে শুরু হবে অগ্রিম টিকিট বিক্রির এ কার্যক্রম।
এই টিকিটগুলোও অনলাইনের মাধ্যমেই সংগ্রহ করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। প্রতিদিন সকাল ৮টা থেকে অনলাইনে বিক্রি শুরু হবে এসব টিকিট। এ সময় পাওয়া যাবে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট। এদিকে দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট।
রেলওয়ের সিদ্ধান্ত অনুসারে ২৩ মার্চের টিকিট বিক্রি হবে ১৩ মার্চ, ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে।
আরও সিদ্ধান্ত হয়েছে, চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন। এক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। কোনো টিকিট রিফান্ড করা হবে না।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.