বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করা যাবে: আপিল বিভাগ

সংযুক্ত আরব আমিরাত-ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের পক্ষে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তিতে কোনো বাধা থাকলো না।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের একটি বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা ‘লিভ টু আপিল’ আবেদনটি খারিজ করে দেন।

‘বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরাম’ নামে একটি সংগঠন হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে গত ফেব্রুয়ারিতে আপিল বিভাগে এই লিভ টু আপিল আবেদনটি জমা দিয়েছিল। আবেদনে সংগঠনটি ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি পরিচালনার চুক্তি প্রদানের প্রক্রিয়ার ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ চেয়েছিল।

সংগঠনটির যুক্তি ছিল, নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে এনসিটি সংক্রান্ত এই চুক্তি সম্পাদনের উদ্যোগ সরকারের সুস্পষ্ট প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা এবং অসৎ উদ্দেশ্যে ক্ষমতার প্রয়োগের শামিল।

গত ২৯ জানুয়ারি আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আবেদনের ওপর ‘নো অর্ডার’ দিয়েছিলেন। একই দিন সকালে ডিপি ওয়ার্ল্ডকে এনসিটির কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে সংগঠনটির দায়ের করা রিট আবেদনটি খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট।

শুনানিতে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষে আইনজীবী আহসানুল করিম, সৈয়দ মামুন মাহবুব ও মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.