আজ বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। অধিবেশন শুরুর আগে গতকাল সরকার ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা আলাদা বৈঠক করে নিজেদের কৌশল নির্ধারণ করেছেন। তবে এখনো স্পষ্ট হয়নি কে প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন এবং নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার কে হচ্ছেন।
ক্ষমতাসীন বিএনপির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর দেওয়া হয়েছে।
জাতীয় সংসদ ভবনে বেলা ১১টায় শুরু হওয়া এ অধিবেশনে ‘জুলাই সনদ বাস্তবায়ন’ এবং অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্রথম দিনেই আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান এসব অধ্যাদেশ সংসদে উত্থাপন করবেন।
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে মতবিরোধ রয়েছে। বিএনপি কিছু আপত্তিসহ সনদ বাস্তবায়নের ইঙ্গিত দিলেও জামায়াত ও এনসিপি গণভোটে পাস হওয়া সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সংসদের উচ্চকক্ষ গঠন ও সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া নিয়ে দুই পক্ষের মধ্যে প্রধান মতপার্থক্য তৈরি হয়েছে।
এদিকে বিএনপি ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব করেছে। তবে জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন, খণ্ডিতভাবে নয়, পুরো জুলাই সনদ বাস্তবায়নের ভিত্তিতেই তারা দায়িত্ব পালন করতে চান।
সংবিধান অনুযায়ী নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন ডাকার বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেছেন। অধিবেশনের প্রথম দিনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, শোক প্রস্তাব উত্থাপন, অধ্যাদেশ উপস্থাপন এবং বিভিন্ন সংসদীয় কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হবে।
এদিকে বিরোধীদলীয় সদস্যরা রাষ্ট্রপতির ভাষণ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। তারা ভাষণের সময় সংসদ কক্ষ থেকে বের হয়ে লবিতে অবস্থান করতে পারেন।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বিএনপি। এবারের সংসদে ৭৬ শতাংশ সদস্যই নতুন।
তবে ৩০০ আসনের মধ্যে দুটি আসনের ফল স্থগিত থাকায় মোট ২৯৭ জন সদস্য শপথ নিয়েছেন। নির্বাচনে বিএনপি ২০৯ আসন পেয়ে সরকার গঠন করেছে এবং জামায়াতে ইসলামী ৬৮ আসন নিয়ে প্রধান বিরোধী দলে বসছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.