সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এদিন রাষ্ট্রপতি নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন বলে জানান তিনি।

বুধবার জাতীয় সংসদ প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হবে। এই অধিবেশন জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক। দীর্ঘ ১৬-১৭ বছরের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণে আমরা উপনীত হয়েছি। কাল সেই ঐতিহাসিক দিন। ইনশাআল্লাহ, কালকে বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে।

তিনি জানান, আগামীকাল সংসদ নেতা, প্রধানমন্ত্রী প্রারম্ভিক স্বাগত বক্তব্য রাখবেন। আমাদের জানামতে, যেহেতু স্পিকার ও ডেপুটি স্পিকার আজ পর্যন্ত চূড়ান্ত হয়নি। সে জন্য কে সভাপতিত্ব করবেন, বিধি মোতাবেক তিনি উপস্থাপন করবেন, আহ্বান করবেন একজনকে সভাপতিত্ব করার জন্য। তার সভাপতিত্বে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। তারপর সংসদের বিধি মোতাবেক রাষ্ট্রপতি স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন। এরপরে আবার অধিবেশন বসবে। সেই অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলীর প্যানেল চূড়ান্ত; তারপর শোক প্রস্তাব; শোক প্রস্তাবের ওপর আলোচনা; আইনমন্ত্রী ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপনের পর রাষ্ট্রপতির ভাষণ হবে। তার আগে সংসদের বিজনেস অ্যাডভাইজারি কমিটিসহ আরও কয়েকটি কমিটি হবে। রাষ্ট্রপতির ভাষণের পরে অধিবেশন মুলতবি হবে।

এর আগে সকাল সোয়া ১১টার দিকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে ক্ষমতাসীন বিএনপির সংসদীয় দলের বৈঠক হয়। এতে সরকার দলীয় সব সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্যরা অংশ নেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.