বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সদ ভবনে সরকারদলীয় দল বিএনপির প্রথম সংসদীয় সভা অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (১১ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে এই সভা শুরু হয়। সংসদ সচিবালয় ও বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএনপি সূত্রে জানা গেছে, এই বৈঠকে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনসহ সংসদ অধিবেশনের শুরুতে সভাপতিত্বের বিষয়টি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে।

গত সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার বিষয়ে জানানো হয়েছিল। এতে বলা হয়েছিল, সভায় সরকারি দলের সব সংসদ সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম।

জানা গেছে, এই সভা থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করবেন, স্পিকার, ডেপুটি স্পিকার কে হবেন, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা রয়েছে এই বৈঠক থেকে।

এ ছাড়াও সংসদীয় কমিটি গঠনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এছাড়া সংসদের অন্যান্য কর্মসূচি নিয়েও নিজেদের মধ্যে আলোচনা করবেন সরকারদলীয় সংসদ সদস্যরা।

কাল বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সে অনুযায়ী, আগামীকাল বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে শুরু হবে নতুন সংসদের প্রথম অধিবেশন।=

সাধারণত জাতীয় সংসদের প্রথম অধিবেশন দীর্ঘ হয়। এই অধিবেশন কত দিন চলবে, তা এখনো চূড়ান্ত হয়নি। জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠনের পর কমিটির বৈঠকে প্রথম অধিবেশনের সময়কাল ঠিক হবে।

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.