অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের রাজনীতিকরণ বা দলীয়করণ করা হয়নি। তিনি বলেন, স্বচ্ছ ও স্বাধীন প্রক্রিয়ার মাধ্যমে এ কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা প্রস্তুত করা হয়েছে।
সোমবার সচিবালয়ে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী জানান, দেশের অর্থনীতির সুফল সব মানুষের ঘরে পৌঁছানো বড় চ্যালেঞ্জ, তবে এই কর্মসূচি সমাজের সবচেয়ে পিছিয়ে থাকা মানুষদের আগে সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে বাস্তবায়িত হচ্ছে। প্রধানত হতদরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোকে প্রথম পর্যায়ে এই সুবিধার আওতায় আনা হবে।
অর্থমন্ত্রী বলেন, “এই প্রকল্পের মাধ্যমে নারীরা আর্থিক ও সামাজিকভাবে ক্ষমতায়িত হবেন। তাদের জীবনযাত্রার মানও উন্নত হবে। আড়াই হাজার টাকা একজন হতদরিদ্র পরিবারের দৈনন্দিন সংসার পরিচালনায় বড় সহায়তা প্রদান করবে।”
তিনি আরও জানান, প্রকল্পের পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। সুবিধাভোগীদের তালিকা প্রস্তুত করা হয়েছে স্বতন্ত্রভাবে, যা পাইলট প্রকল্পের মাধ্যমে যাচাই করা হচ্ছে। অর্থমন্ত্রী আশ্বাস দেন, প্রকল্প বাস্তবায়নে দুর্নীতির সুযোগ থাকবে না এবং এটি দক্ষতার সঙ্গে সম্পন্ন হবে।
ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে সমাজের পিছিয়ে থাকা নারীপ্রধান পরিবারগুলোকে আর্থিক ও সামাজিকভাবে শক্তিশালী করে কল্যাণমূলক উদ্যোগকে বাস্তব রূপ দেওয়া হবে।
অর্থসূজক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.