এক প্রসিকিউটরের পদত্যাগ, নিয়োগ পেলেন ২ জন

ব্যক্তিগত কারণ দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে পদত্যাগ করেছেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার।

সোমবার (৯ মার্চ) দুপুরে পদত্যাগের বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

এদিকে, ট্রাইব্যুনালে আরও দুজনকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তারা হলেন- মার্জিনা রায়হান (মদিনা) ও মোহাম্মদ জহিরুল আমিন। ডেপুটি অ্যার্টনি জেনারেল পদমর্যাদায় তাদের নিয়োগ দেওয়া হয়। আইন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রসিকিউশন জানায়, চিফ প্রসিকিউটর বরাবর নিজের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। তার আবেদনটি মঞ্জুর করে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন চিফ প্রসিকিউটর।

সাইমুম রেজা বলেন, কয়েকদিন আগে অব্যাহতি চেয়ে আবেদন করেছি। সেই হিসাবে শেষ কর্মদিবস ছিল রোববার। মূলত আগের পেশায় ফিরে যেতেই এ সিদ্ধান্ত নেওয়া। এ ছাড়া অন্য কোনো কারণ নেই।

জুলাই গণঅভ্যুত্থানের মুখে সরকার পতনের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় সাইমুম রেজা তালুকদারকে প্রসিকিউটর পদে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। রামপুরা, লক্ষ্মীপুর, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জায়গায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বেশ কয়েকটি মামলা পরিচালনা করেছেন তিনি। প্রসিকিউটর হওয়ার আগে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন এই আইনজীবী।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.