লাইসেন্স ছাড়া বিদেশি মদ রাখার অভিযোগে দায়ের করা মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবর খালাস পেয়েছেন।
সোমবার (৯ মার্চ) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২ এর বিচারক আয়েশা আক্তার মৌসুমি যুক্তিতর্ক শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।
জানা যায়, মামলায় রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় আসিফ আকবরকে খালাস দেন আদালত।
এর আগে মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আজকের দিন ধার্য ছিল। মামলায় মোট তিনজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। মামলার বাদী সিআইডির সাইবার তদন্ত শাখার উপপরিদর্শক প্রশান্ত কুমার সিকদার ১৫ ফেব্রুয়ারি আদালতে সাক্ষ্য দেন। পরে তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক জামাল উদ্দিন ও শাহিনুল ইসলাম আদালতে সাক্ষ্য প্রদান করেন। এর মধ্য দিয়ে মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের ৬ জুন রাজধানীর পান্থপথে আর্ব এন্টারটেইনমেন্ট কার্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেফতারের সময় আসিফ আকবরের অফিস কক্ষ থেকে চার বোতল বিদেশি টাকিলা মদ উদ্ধার করা হয়। পরে সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদফতরে পাঠানো হয়। এ ঘটনায় লাইসেন্স ছাড়া বিদেশি মদ দখলে রাখার অভিযোগে ২০১৯ সালের ২৩ জুলাই রাজধানীর তেজগাঁও থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) টেবিলের ২৪ (ক) ধারায় দায়ের করা হয়েছিল।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.